Logo
Special News

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ ‘অনুপ্রেরণা বিডি’

প্রকাশিত: Jun 06, 2026 - 09:26 AM
84 বার পঠিত
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ ‘অনুপ্রেরণা বিডি’
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল লেখাকে উৎসাহিত করতে সম্পূর্ণ ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘অনুপ্রেরণা বিডি’ (onupreronabd.com)। কোনো নির্দিষ্ট বা প্রথাগত প্রতিনিধি ছাড়াই সম্পূর্ণ ভিন্নধর্মী এক কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে এই পোর্টালটি।
পোর্টালটির মূল লক্ষ্য মূলত দেশের এবং বিশ্বের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মানসম্মত লেখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশ করা এবং তাদের অনুপ্রাণিত করা। শিক্ষক বা শিক্ষার্থীদের যেকোনো সৃজনশীল ও মানসম্মত লেখা পোর্টালের ফেসবুক পেজের কমেন্ট বক্সে কিংবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে, তা প্রকাশের ব্যাপারে বিশেষ প্রতিশ্রুতিবদ্ধ কর্তৃপক্ষ। একই সাথে সাধারণ লেখক, পাঠক এবং প্রতিটি সৃজনশীল ও মননশীল মানুষের মানসম্মত লেখা প্রকাশেও অঙ্গীকারবদ্ধ এই প্রতিষ্ঠান।
এই ব্যতিক্রমী উদ্যোগ ও সংবাদ সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অনুপ্রেরণা বিডি ডট কমের সম্পাদক রাসেল ইব্রাহীম বলেন, "বিশ্বের জনসংখ্যা এখন অনেক। এই কোটি কোটি জনসংখ্যার সবাই যদি মানসম্মত লেখা পাঠায়, তাহলে এই পোর্টালের প্রতিনিধি সবাই। সহজ কথায় বলতে পারেন, এটি যেমন একদিকে ‘প্রতিনিধি বিহীন’ পত্রিকা, ঠিক তেমনি অন্যদিকে এটি ‘কোটি কোটি প্রতিনিধির’ একটি নিজস্ব প্ল্যাটফর্ম।"

সৃজনশীল যেকোনো লেখককে তাদের মানসম্মত লেখা পাঠিয়ে এই অনন্য উদ্যোগের অংশ হওয়ার আহ্বান জানিয়েছে পোর্টাল কর্তৃপক্ষ।